গাড়ি আটকে ‘অসমীয়া প্রতিদিন’ পত্রিকা বাজেয়াপ্ত করে পুড়িয়ে দিল দুষ্কৃতিরা, নিন্দার ঝড়

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : রাজ্যের প্রথমসারির সংবাদপত্র ‘অসমীয়া প্রতিদিন’ পত্রিকা সম্প্রতি একাংশের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। শিবসাগর জেলার কায়মারিতে সংঘটিত ঘটনায় সেই বাস্তবতা আরও একবার সামনে উঠে এসেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার সংবাদপত্র বহনকারী একটি গাড়ি পথিমধ্যে আটকায় একদল দুর্বৃত্ত। এরপর তারা গাড়িতে থাকা ‘অসমীয়া প্রতিদিন’-এর কপিগুলি জোরপূর্বক বাজেয়াপ্ত করে এবং পরে সেগুলিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে।

ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশিষ্টজন থেকে সাধারণ মানুষসবাই এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন। অনেকেই আশঙ্কা করছেন, একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসনের তরফে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় সংবাদপত্রের নিরাপত্তা এবং স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *