শরিয়ত ও তরিকতের সঠিক সমন্বয়েই মুক্তির পথ : আলেমদের বার্তা

উজানডিহি পুরান সাহেববাড়িতে ইসালে সওয়াব মহফিল_____

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : ইসলামের সুফিয়ানা চেতনা, আত্মশুদ্ধির শিক্ষা এবং আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখাদ ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে উজানডিহি পুরান সাহেববাড়িতে অনুষ্ঠিত হল ইসালে সওয়াব মহফিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এই মহফিল মুসলিমদের মাঝে শরিয়ত ও তরিকতের সঠিক সমন্বয়ের গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দেয়। বুধবার উজানডিহি পুরান সাহেববাড়িতে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শাহসূফি সৈয়দ মুহাম্মদ মাদানি আল হোসাইনি (রহ.) ও হযরত শাহসূফি সৈয়দ আব্দুল হক মাদানি আল হোসাইনি (রহ.)-এর ১২৬তম ইসালে সওয়াব মহফিল অনুষ্ঠিত হয়। মহফিলের সভাপতিত্ব করেন শাহসূফি সৈয়দ জুনাইদ আহমদ মাদানি আল হোসাইনি। পবিত্র কোরান তিলাওয়াত ও দরূদ-সালামের মাধ্যমে শুরু হওয়া এই মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম, মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আজকের এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল শরিয়ত ও তরিকতের সঠিক ও ভারসাম্যপূর্ণ অনুসরণ। শরিয়ত হলো আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনবিধান, যা হালাল-হারাম, ইবাদত, লেনদেন, আচার-আচরণ, নীতি ও নৈতিকতার সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়।অন্যদিকে তরিকত হচ্ছে আত্মশুদ্ধির পথ—অন্তরের পরিশুদ্ধি, অহংকার ও কুপ্রবৃত্তি দমন, এবং আল্লাহর সঙ্গে গভীর আত্মিক সম্পর্ক স্থাপনের মাধ্যম। বক্তারা জোর দিয়ে বলেন, শরিয়ত ও তরিকত একে অপরের পরিপূরক—শরিয়ত ছাড়া তরিকত ভ্রান্তি এবং তরিকত ছাড়া শরিয়ত অপূর্ণ। উলামায়ে কেরাম মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেকে পরিপূর্ণ করে শরিয়তের অনুসরণ এবং তরিকতের আলোয় অন্তরকে আলোকিত করতে হবে—এতেই রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ।মাহফিলে তালিম ও তারবিয়ত পেশ করেন  শাহসূফি সৈয়দ মুশতাক আহমদ মাদানি সাহেব (উজানডিহি)।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের রামপুর জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস ও শেহরে মুফতী, সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কার্যনির্বাহী সদস্য এবং সর্বভারতীয় ফিকাহ অ্য়াকাডেমির সদস্য হযরত আল্লামা মুফতি হাফিজ মহাম্মদ মকসুদ সাহেব কাদরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত সভাপতি আল্লামা আনোয়ার উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আল্লামা বদরুল হক খান, রাতাবাড়ি নিজামিয়া টাইটাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মওলানা সাহাব উদ্দিন, মুহাদ্দিস মওলানা আলতাফ হোসেন, মওলানা সেলিম উদ্দিন, মওলানা তাজিম উদ্দিন, সোনাশাহ আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান মওলানা এনামুল হক, বালিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আলি আহমদ, সিঙ্গারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল আহাদ হানাফি, মওলানা মুস্তাকিম আহমদ বড়ভূইয়া, মওলানা নিজাম উদ্দিন, মওলানা আনিসুজ্জামান, মওলানা হাসান আহমদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ খালেদ আহমদ মাদানি, সৈয়দ শামিম আহমদ মাদানি, মওলানা মেহবুব আহমদ, মওলানা জমির উদ্দিন, মমজদ চৌধুরী (বাবু), মওলানা সালিক আহমদ লতিফী, মওলানা নাজিম উদ্দিনসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লি। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহফিলের সমাপ্তি ঘটে, যেখানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও হেদায়াত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *