বরাক তরঙ্গ, ১০ মার্চ : আসন্ন নির্বাচনের জন্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF) সোমবার রাতে তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফার এই তালিকায় মোট ৯ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন তিনজন বর্তমান বিধায়ক এবং কংগ্রেসের এক প্রাক্তন বিধায়ক।
দলের সভাপতি মওলানা বদরুদ্দিন আজমল এই তালিকা প্রকাশ করেন। তালিকায় দুইজন মহিলা প্রার্থী এবং অল অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (AAMSU)-এর এক প্রাক্তন সভাপতির নামও অন্তর্ভুক্ত রয়েছে।বর্তমান বিধায়কদের মধ্যে নিজানুর রহমানকে আবারও গৌরীপুর কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ধিং-এর বর্তমান বিধায়ক আমিনুল ইসলামকে এবার রূপাহিহাট কেন্দ্র থেকে লড়ার জন্য মনোনীত করা হয়েছে। অন্যদিকে, রফিকুল ইসলামকে মান্দিয়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে, কারণ তিনি যে জানিয়া কেন্দ্রের প্রতিনিধিত্ব করতেন তা ২০২৩ সালের সীমা পুনর্নির্ধারণের পর আর বিদ্যমান নেই।
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আবু তাহের বেপারি, যিনি ২০২৫ সালে এআইইউডিএফ-এ যোগ দেন, তাকে পর্বতঝোড়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এর আগে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ধুবড়ি কেন্দ্রে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।
এছাড়াও অল অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকারকে সৃজনপুর কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রথম তালিকায় দুইজন মহিলা প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি। মিনাক্ষী রহমান পাকাবেতবাড়ি কেন্দ্র থেকে এবং সাবানা আক্তার বিলাসিপাড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মিনাক্ষী রহমান এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সরুখেত্রি কেন্দ্র থেকে এআইইউডিএফ প্রার্থী হিসেবে লড়েছিলেন।
এছাড়া লাহারিঘাট কেন্দ্র থেকে সিদ্দিক আহমেদ এবং ধিং কেন্দ্র থেকে মতিউর রহমানকে প্রার্থী করেছে দলটি।
উল্লেখ্য, সম্প্রতি বরাক উপত্যকা থেকে এআইইউডিএফ-এর তিন বিধায়ক পদত্যাগ করায় দলটি বড় ধাক্কা খেয়েছে। পদত্যাগ করা বিধায়করা হলেন— সোনাইয়ের করিম উদ্দিন বড়ভূইয়া, বদরপুরের আব্দুল আজিজ এবং হাইলাকান্দির জাকির হুসেন লস্কর।



