বরাক তরঙ্গ, ২১ মার্চ : মন্ত্রী অজন্তা নেওগ ও বিধায়ক বিশ্বজিৎ ফুকনের মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি গাড়ির ধাক্কায় দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোলাঘাট জেলাজুড়ে। শুক্রবার বেঙেনাখোয়া এলাকায় বিজেপির পতাকা লাগানো একটি দ্রুতগামী গাড়ি দুই পথচারীকে ধাক্কা মেরে গুরুতর জখম করে, পরে তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন বাদুলিপার বহুপথার গ্রামের বাসিন্দা শিক্ষক মানসনন্দন বরা (৩২) এবং গিরিধর গগৈ (৫৬)। স্থানীয়দের অভিযোগ, রাস্তা পার হওয়ার সময় হঠাৎই বিজেপি সমর্থক বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উঠে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁদের গোলাঘাটে নিয়ে যাওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য যোরহাটে স্থানান্তর করা হয়। তবে শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

ঘটনার জেরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার মৃতদেহ গ্রামে পৌঁছানোর পর শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাওয়া গাড়ির বেপরোয়া গতির জেরে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। ঘটনার পর দুই প্রার্থী কোনও খোঁজ খবর না নেওয়ায় ক্ষোভ পরিলক্ষিত হয় এলাকায়।



