গ্র্যামি পুরস্কার পেলেন দলাই লামা

৩ ফেব্রুয়ারি : বিশ্ব সঙ্গীত জগতে উল্লেখযোগ্য অবদানের জন্য গ্র্যামি পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এবার সেই গ্র্যামি পুরস্কারে সম্মানিত হলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তাঁকে পুরস্কৃত করা হয়। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন সঙ্গীত শিল্পী রুফাস ওয়েনরাইট। ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’- এই অ্যালবামের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে। অডিয়ো বুক বিভাগে সেরা হিসেবে পুরস্কার পেয়েছে এই অ্যালবামটি।

যদিও এই অ্যালবামটি পুরোপুরি গানের অ্যালবাম নয়। দলাই লামার বাণী, উপদেশ এবং শান্তির বার্তা রয়েছে এই অ্যালবামে। অ্যালবামে আবহসঙ্গীত করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি বাঙ্গাশ ও আয়ান আলি বাঙ্গাশ। বিশ্বশান্তি, ধৈর্য, দয়া এবং আশারবাণী শুনিয়েছেন দলাই লামা এই অ্যালবামে।

পুরস্কার পেয়ে দলাই লামা জানান, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। আমি এটা ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে দেখছি না। এটা আমাদের সবার দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ।‘ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি বিশ্বের সকল মানুষের ভালো থাকার জন্য শান্তি, ধৈর্য, পরিবেশের প্রতি যত্ন এবং মানবিকতা গুরুত্বপূর্ণ। গ্র্যামি পুরস্কার এই বার্তাগুলিকে ছড়িয়ে দিতে সাহায্য করবে।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *