নির্বাচনের তারিখ ঘোষণার আগেই বিরোধীদের মধ্যে ফাটল, এককভাবে প্রার্থী ঘোষণা করল সিপিআই

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : নির্বাচনের তারিখ ঘোষণার আগেই বিরোধী শিবিরে মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপিকে প্রতিহত করতে বিরোধী দলগুলো একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও, তার আগেই বিরোধীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সম্প্রতি সিপিআই দল একাধিক আসনের জন্য প্রার্থী ঘোষণা করায় মিত্রজোটের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিপিআই দল এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী দলটি সাতটি বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঘোষিত আসনগুলো হলো—শিবসাগর, নাজিরা, তিতাবর, মরিগাঁও, ঢকুৱাখনা, ডিমৌ এবং গৌরীপুর। দলটির দাবি, ২০২৬ সালের নির্বাচনে তারা এককভাবেই লড়াই করবে।

ঘোষিত তালিকা অনুযায়ী, তিতাবর থেকে বিশ্বজিৎ শইকীয়া, ঢকুৱাখনা থেকে ধীরেন কছারি, গৌরীপুর থেকে শেখ মনসুর রহমান, মরিগাঁও থেকে তপন ডেকা এবং ডিমৌ থেকে কৃষ্ণ গগৈ সিপিআই-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া শিবসাগর আসনে চারজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি—সুভাষিণী বৰুৱা, সত্যেন্দ্র গগৈ, অদান বৰুৱা ও অনুপ গগৈ। এদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত প্রার্থী করা হবে।

উল্লেখ্য, এবার বিরোধী দলের একাধিক দল একসঙ্গে নির্বাচনে লড়াই করার পরিকল্পনা করেছিল। কংগ্রেস ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়েছে, তারা ১০০টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বাকি আসনগুলো মিত্রদের মধ্যে ভাগ করা হবে। তবে এখনো বিরোধী আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। কংগ্রেসের সিদ্ধান্তের অপেক্ষায় শেষ পর্যন্ত সিপিআই প্রার্থী ঘোষণা করেছে বলে জানা গেছে। এই পরিস্থিতি বিরোধী শিবিরে মতভেদের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। শুধু সিপিআই নয়, রাইজর দল-এর সঙ্গেও কংগ্রেসের কিছু মতবিরোধ রয়েছে বলে সূত্রের খবর। ফলে আগামী দিনে বিরোধী জোট কতটা শক্তিশালী হবে, তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *