মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর করিমগঞ্জে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার ভাঙ্গা বাজারে আয়োজিত কংগ্রেসের এক বিশাল নির্বাচনী সভায় ধুবড়ির সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনের উপস্থিতিতে জনসমাগমে ভরে ওঠে গোটা এলাকা। তাঁর সভাকে ঘিরে কংগ্রেস শিবিরে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সভায় কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমদ পান্নার সমর্থনে বিপুল জনসমর্থন দেখা যায়। প্রয়াত বিধায়ক জামল উদ্দিনের পুত্র পান্নাকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে। রকিবুল হোসেন তাঁর বক্তব্যে ২০২৬ সালের নির্বাচনকে “অস্তিত্ব রক্ষার লড়াই” হিসেবে তুলে ধরে বিজেপি ও এআইইউডিএফ-কে কড়া ভাষায় আক্রমণ করেন।
তিনি বলেন, এই নির্বাচন শুধুমাত্র ভোটের লড়াই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৯ এপ্রিল ভোটের দিনকে “দায়িত্বের দিন” আখ্যা দিয়ে তিনি সকলকে কংগ্রেসের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, একটি ভোটও অপচয় করা চলবে না এবং বিরোধী ভোট বিভাজন শেষ পর্যন্ত বিজেপিকেই সুবিধা দেবে।

রকিবুল আরও আশ্বাস দেন, গৌরব গগৈয়ের নেতৃত্বে রাজ্যে কংগ্রেস সরকার গঠিত হলে বরাক উপত্যকায় উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো ক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি শিল্পী জুবিন গার্গের ওপর হামলার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার কথাও বলেন। সভায় উপস্থিত ছিলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক আমিনুল ইসলাম, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থসহ একাধিক নেতা। অনুষ্ঠানে কংগ্রেস প্রার্থীর নির্বাচনী ইশতেহারও প্রকাশ করা হয়।



