উত্তর করিমগঞ্জের এক কেন্দ্রের ভোট বাতিল, পুনঃভোটের নির্দেশ কমিশনের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : অসম বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে এক  নির্দেশপত্রে জানানো হয়েছে, ৯ এপ্রিল ওই কেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসায় সমস্ত দিক পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, করিমগঞ্জ উত্তর কেন্দ্রের ২৩৯ নম্বর ‘বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুল’ ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল (শনিবার)। সেদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কমিশন আরও নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পুনঃভোটের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লিখিতভাবে বিষয়টি জানাতে হবে।

এছাড়াও, রিটার্নিং অফিসারদের এই নির্দেশ কঠোরভাবে অনুসরণ করার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট পর্যবেক্ষক ও জেলা নির্বাচন আধিকারিকদেরও বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *