৪ এপ্রিল : ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বাড়ির ছাদের উপর আছড়ে পড়ল বিমান। সিসি ক্য়ামেরায় বন্দি হয়েছে বিমান দুর্ঘটনার পরমুহূর্তের বিস্ফোরণের ছবি। দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজিলের কাপাও দ্য় কানোয়ায়। জানা গিয়েছে, ছোট বিমানটিতে মোট চারজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন পাইলট এবং দু’জন যাত্রী।
এই বিমান দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিমানটি ভেঙে পড়ার ফলে বড়সড় বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ ব্রাজিলীয় রাজ্য Rio Grande do Sul- এর একটি উপকূলীয় শহরে এই বিমান দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। শুক্রবার ঘটেছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা। সূত্রের খবর, একজন পাইলট এবং ২ যাত্রীর মৃত্যু হয়েছে। আরেকজন পাইলটের এখনও খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকারী দল তাঁর খোঁজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে। স্থানীয় দমকলবাহিনী জানিয়েছে, যে বাড়িতে বিমানটি ভেঙে পড়েছে, দুর্ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল। তার ফলে বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয়েছে। বাড়িতে লোক থাকলে আরও অনেকের মৃত্যু হতে পারত।



