ইতালির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা মাইনাসে

Spread the news

৯ জানুয়ারি : ইতালিতে হঠাৎ করেই তীব্র শীত নেমে এসেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় কোথাও কোথাও তুষারপাত শুরু হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডা ও বরফে ঢেকে যাওয়ায় স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে উত্তর ইতালির মিলান, লম্বার্ডি ও আশপাশের এলাকায় শীতের প্রকোপ বেশি। এসব অঞ্চলে তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যাওয়ায় রাস্তাঘাটে বরফ জমেছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক এলাকায় নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ইয়েলো জোন’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

তীব্র শীতের কারণে অনেক রেস্তোরাঁ, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে দিনমজুর ও খণ্ডকালীন কর্মজীবীদের আয়-রোজগারেও প্রভাব পড়ছে। ঠাণ্ডা ও তুষারের কারণে কর্মস্থলে পৌঁছাতে না পারায় বিপাকে পড়েছেন অনেক মানুষ।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আরও কয়েক দিন এই শীত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় ইতালির স্থানীয় প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার এবং শীত মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *