হিমন্ত বিশ্ব শৰ্মার বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনে হস্তক্ষেপে অনীহা সুপ্রিম কোর্ট, গৌহাটি হাইকোর্টে যাওয়ার নির্দেশ

Spread the news

১৬ ফেব্রুয়ারি : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন এবং এফআইআর দায়েরের দাবিতে দায়ের হওয়া একাধিক আবেদনে সরাসরি হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই বিষয়গুলি সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত হাইকোর্টেই বিচার হওয়া উচিত।

বিশিষ্ট বুদ্ধিজীবী ড. হিরেন গোহাঁইর নেতৃত্বে সমাজের একাংশের পক্ষ থেকে দায়ের করা আবেদনে মুখ্যমন্ত্রীর কথিত “মিয়া” মন্তব্যসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু বক্তব্যের বিরুদ্ধে আপত্তি জানানো হয়। আবেদনকারীদের দাবি, এই মন্তব্যগুলি বৈষম্যমূলক এবং ঘৃণাত্মক বক্তব্যের আওতায় পড়ে। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, “সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন নির্দেশনার দাবি করা হয়েছে। আমাদের মতে, এই বিষয়গুলির কার্যকর বিচার সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত হাইকোর্টের দ্বারাই হওয়া উচিত। ফলে, মামলার বিষয়ে কোনও মতামত প্রকাশ না করে আবেদনকারীদের সংশ্লিষ্ট হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা দেওয়া হচ্ছে।” একই সঙ্গে সুপ্রিম কোর্ট গৌহাটি হাইকোর্টর প্রধান বিচারপতিকে বিষয়টি দ্রুত শুনানির জন্য বিবেচনা করার অনুরোধ জানায়, কারণ আবেদনকারীরা বিষয়টিকে জরুরি বলে উল্লেখ করেছেন।

শুনানির সময় আদালত আবেদনকারীদের হাইকোর্টের মর্যাদা বজায় রাখার পরামর্শও দেয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “হাইকোর্টের বিচারপতিদের মনোবল ভেঙে দেবেন না, তাঁদের উপর আস্থা রাখুন।” একই সঙ্গে তিনি জানান, হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট হলে পরবর্তী পর্যায়ে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে যেতে পারবেন।

ফলে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি এখন গৌহাটি হাইকোর্টে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *