নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ মার্চ: আসন্ন নির্বাচনের প্রাক্কালে অসম গণ পরিষদের সোনাই বিধানসভা আসনে প্রার্থী নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে পুনরায় দলীয় টিকিট দিলে দলত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন একাংশ অগপ কর্মী ও নেতারা।
শনিবার সোনাইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় অগপ নেতৃবৃন্দরা দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী ও দলের সক্রিয় নেত্রী আয়েশা সুলতানা চৌধুরীকে প্রার্থী করার জোরালো দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে অগপ কাছাড় জেলা কমিটির সম্পাদক বেবুল হোসেন লস্কর এবং সোনাই বিধানসভা পরিষদের সম্পাদক মুমিন আহমেদ বড়ভূঁইয়া বলেন, সোনাইয়ে যখন দলের সংগঠন দুর্বল অবস্থায় ছিল, তখন আয়েশা সুলতানা চৌধুরী সংগঠনকে ধরে রেখেছিলেন এবং তাঁর নেতৃত্বে দল অনেকটাই শক্তিশালী হয়েছে। বর্তমানে তিনি অগপ প্রদেশ কমিটির সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করছেন।

তাঁদের দাবি, জনপ্রিয় ও যোগ্য মহিলা প্রার্থী হিসেবে আয়েশা সুলতানা চৌধুরী দলীয় টিকিট পেলে সহজেই জয়লাভ করতে পারবেন। কিন্তু বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে আবারও মনোনয়ন দেওয়া হলে তা তাঁরা কোনভাবেই মেনে নেবেন না। এমনকি সে ক্ষেত্রে দল থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলীয় কর্মী কলিম উদ্দিন মজুমদার, রবিজুল ইসলাম, এহসানুল ইসলাম লস্কর, আব্দুল আহাদ লস্কর, তাজ উদ্দিন লস্কর সহ অন্যান্যরা।



