জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচন শ্রীভূমি জেলায় অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভিলেন্স টিম জোরদারভাবে সক্রিয় করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন ও লঙ্ঘন প্রতিরোধে এই দলগুলি জেলা জুড়ে কড়া নজরদারি ও নিয়মিত অভিযান চালাচ্ছে। এতে ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা সন্দেহজনক গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছেন। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে চেকিং ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ণ থাকে।
এদিকে, স্ট্যাটিক সার্ভিলেন্স টিম জেলা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থা করে নিয়মিত তল্লাশি ও অভিযান চালাচ্ছে। বিশেষ করে যানবাহন তল্লাশি ও নগদ অর্থ বা অন্যান্য সামগ্রীর গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে। বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষে এই টিমগুলি সমন্বিতভাবে কাজ করে চলছে ও সার্বিক পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। এতে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, নির্বাচন চলাকালীন সময়ে কোনও ধরনের অনিয়ম বা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



