বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : শিশু বিজ্ঞান সমারোহের হাইলাকান্দি জেলা ভিত্তিক অনুষ্ঠান বুধবার জেলার বিজ্ঞান মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আয়োজিত হয়। আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের অধীনে থাকা আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির ব্যবস্থাপনায় এই জেলা ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলার তিনটি শিক্ষা ব্লক থেকে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের প্রকল্প নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়। উল্লেখ্য, ছাত্রছাত্রীরা বিজ্ঞান অনুসন্ধানের মূল বিষয় জলবায়ুর পরিবর্তনের উপর ভিত্তি করে তথ্য ভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় নির্দিষ্ট বিষয়ের বিচারকদের সামনে প্রকল্প উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি ব্লকের কো-অর্ডিনেটর আতিকুর রহমান চৌধুরী, জনতা এমই স্কুলের বিজ্ঞান শিক্ষক আইনুল হক মজুমদার, নীলাঞ্জন দেব প্রমুখ।

এদিনের অনুষ্ঠানের শুরুতে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের হাইলাকান্দি জেলা সংযোজক লুৎফুর রহমান বড়ভূইয়া স্বাগত বক্তব্য রাখেন। তিনি আসাম সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য বিষদভাবে ব্যাখ্যা করেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান মন্দিরের আধিকারিক বাহারুল ইসলাম লস্কর। তিনি ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক হওয়ার পরামর্শ দেন।



