শ্রীভূমি নববার্তা ওয়ারিয়র্সের দল ঘোষণা, ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ মার্চ : বরাক উপত্যকার সংবাদমাধ্যম কর্মীদের মিলনমেলা ও ক্রীড়া উন্মাদনার অন্যতম জনপ্রিয় আসর “মিডিয়া ক্রিকেট ফেস্ট” আবারও ফিরছে নতুন উদ্দীপনা ও বাড়তি আকর্ষণ নিয়ে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বকস)-এর উদ্যোগে আগামী ১৬ মার্চ শিলচরের ঐতিহ্যবাহী সতীন্দ্রমোহন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৬। প্রতি বছরের মতো এবছরও সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই ক্রিকেট উৎসব ঘিরে ইতিমধ্যেই বরাক উপত্যকার মিডিয়া মহলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ, কৌতূহল ও আনন্দঘন পরিবেশ।কথা অনুযাযী প্রতি বছরের মতো এবারও বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিকদের অন্যতম প্রাণের আসর “মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৬” আয়োজন করতে চলেছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)। চলিত মাসের ১৬ মার্চ শিলচর জেলা ক্রীড়া সংস্থা মাঠ ঐতিহ্যবাহী সতীন্দ্রমোহন স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার আনাচে কানাচে খবরের খোজে দৌঁড় ঝাপকারী সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই ক্রিকেট উৎসব ইতিমধ্যেই বরাক উপত্যকার মিডিয়া মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

জানা গেছে, এবারের আসরে লিগ-কাম-নকআউট ফরম্যাটে সীমিত ১৫ ওভারের ডিউজ বলের ডে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মিডিয়াকর্মীদের নিয়ে গঠিত মোট পাঁচটি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তবে গতবারের চ্যাম্পিয়ন দল হাইলাকান্দি মিডিয়া একাদশ এবারের আসরে অংশগ্রহণ করছে না বলে জানা গেছে। শিলচরসহ বরাক উপত্যকার তিন জেলা মিডিয়াকর্মীদের নিয়ে ইতিমধ্যে চারটি দলের নাম ও খেলোয়াড় তালিকা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এই দলগুলো হলো বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স, রুবিকা খবর হিরোজ, প্যারামাউন্ট নিউজ রকার্স এবং ডনবস্কো প্রেস ফাইটার্স।

অন্যদিকে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যতম শক্তিশালী দল শ্রীভূমি জেলার “নববার্তা ওয়ারিয়র্স”-এর দল ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে সোমবার শ্রীভূমিতে অনুষ্ঠিত এক বৈঠকে দলের কর্মকর্তারা ১৮ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেন। ঘোষিত দল অনুযায়ী নববার্তা ওয়ারিয়র্স-এর অধিনায়কের দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির জসিম। দলের অন্যান্য সদস্যরা হলেন মিষ্টু দত্ত, এসএম জাহির আব্বাস, ফাহিম আলম সিদ্দিকি, সৌরভ চক্রবর্তী, খয়রুল আলম চৌধুরী, মোহিতুর রহমান, নবেন্দু মালাকার, পিন্টু শুক্ল বৈদ্য, অভিজিৎ পাল, দেবব্রত দেব, ধ্রুবজ্যোতি ধর, আজহার উদ্দিন এবং সাইদুল আলম চৌধুরী। দলের ব্যবস্থাপনা পরিকাঠামোতেও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।টিম ম্যানেজার হিসেবে রয়েছেন যিশু শুক্লবৈদ্য, অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার অরূপ রায়, কোচ কমলেন্দু দাস এবং ফিজিও হিসেবে দায়িত্ব পালন করবেন সুকান্ত শর্মা। দলের ম্যানেজার যীশু শুক্লবৈদ্য এ তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত আসরে নববার্তা ওয়ারিয়র্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রানার্স-আপ হয়েছিল এবং তার আগে একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছে। ফলে এবারের আসরেও দলটির প্রতি ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর থাকবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, এবারের মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৬-কে আরও আকর্ষণীয় ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন বকসের ভারপ্রাপ্ত সচিব কিংকর দাস।তিনি জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং ক্রীড়া চেতনা জাগিয়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।সব মিলিয়ে, আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ক্রিকেট উৎসব ঘিরে ইতিমধ্যেই বরাক উপত্যকার মিডিয়া মহলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এখন শুধু অপেক্ষা মাঠে গড়ানোর।ক্রিকেট মানেই উত্তেজনা, প্রতিযোগিতা আর বন্ধুত্বের এক অনন্য মেলবন্ধন। আর সেই আবহেই আবারও মাঠে গড়াতে চলেছে বরাক উপত্যকার সাংবাদিকদের বহুল প্রতীক্ষিত ক্রীড়া আসর “মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৬” এতে মাঠের লড়াইয়ে যেমন থাকবে জয়-পরাজয়ের উত্তেজনা, তেমনি থাকবে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব এবং খেলাধুলার নির্মল আনন্দের এক অনন্য পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *