মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ড পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে করিমগঞ্জ জেলার শ্রীভূমি। রাজ্যজুড়ে ১৬তম স্থানে থাকলেও বরাক উপত্যকার তিন জেলার মধ্যে শীর্ষ স্থান দখল করেছে শ্রীভূমি। এবার শ্রীভূমির পাশের হার দাঁড়িয়েছে ৬৬.২৬ শতাংশ। অর্থাৎ, রাজ্যের মাত্র ১৫টি জেলা শ্রীভূমির থেকে এগিয়ে রয়েছে, আর ১৬টি জেলা পিছিয়ে। বরাক উপত্যকায় শ্রীভূমির পর দ্বিতীয় স্থানে রয়েছে হাইলাকান্দি, যেখানে পাশের হার ৫১.৮১ শতাংশ। তৃতীয় স্থানে কাছাড় জেলার পাশের হার ৪৯.১৩ শতাংশ।
উল্লেখযোগ্যভাবে, গত বছর ২০২৫ সালে শ্রীভূমির পাশের হার ছিল মাত্র ৪৮ শতাংশ। এক বছরের ব্যবধানে প্রায় ১৮ শতাংশ বৃদ্ধির এই সাফল্য স্বাভাবিকভাবেই নজর কেড়েছে শিক্ষামহলের।
এই সাফল্যের পেছনে জেলা প্রশাসনের একাধিক পরিকল্পিত উদ্যোগের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীর দক্ষতা মূল্যায়ন করা হয় প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে। এর ফলে চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পায়। পাশাপাশি, সরকারি বিদ্যালয়গুলিতে বৃহৎ পরিসরে অভিভাবক-শিক্ষক সভার আয়োজন করা হয়। এই সভাগুলিতে দক্ষতা পরীক্ষার ফলাফল বিশদভাবে পর্যালোচনা করা হয় এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও, জেলা প্রশাসনের উদ্যোগে ডায়েট (DIET)-এর মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য লক্ষ্যভিত্তিক প্রতিকারমূলক পাঠ্যসামগ্রী প্রস্তুত ও প্রয়োগ করা হয়।
এ দিকে, শ্রীভূমি জেলায় প্রথম স্থান দখল করেছে বদরপুর আলিম আল আমিন অ্য়াকাডেমির ছাত্র রুজেল হাসান। তাকে অভিনন্দন জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। রাতাবাড়ি থানার পশ্চিম টঙ্গীবাড়ির আসাব উদ্দিন ও সুলতানা বেগমের ছেলে রুজেল হাসান মোট ৬০০ নম্বরের মধ্যে গণিতে ৯৯, সাধারণ বিজ্ঞান ৯৮, বাংলা ৯৮, সমাজ বিজ্ঞান ৯৭, ঐহ্যিক গণিত ৯৫, ইংরেজি ৯৪ মোট ৫৮১ নম্বর পেয়ে (৯৬.৮৩%)।



