বরাক তরঙ্গ, ১ এপ্রিল : সোনাবাড়িঘাট থেকে সোনাই নতুন রামনগর পয়েন্ট পর্যন্ত পূর্ত সড়কটি এক মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটির কিছু কিছু অংশে সৃষ্টি হওয়া গর্তগুলো মৃত্যুর হাতছানি দিচ্ছে। সোনাই যাওয়ার পথে প্রথমেই সোনাবাড়িঘাট বাজার সংলগ্ন এলাকার দু’টি গর্ত বিশাল আকার ধারণ করে। এতে ছোটখাটো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। স্থানীয় বাসিন্দা মজনুল হক মজুমদার, অপু মজুমদার, সুয়েল চৌধুরীরা বলেন, কিছু গর্ত সৃষ্টি করা হয়েছে। তাঁরা বলেন, প্লাস্টিকের স্পিডব্রেকার বসানো হলে কয়েকদিন পর সেগুলো উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়। আগেও বাজারে এভাবে বসানোর পর গর্ত সৃষ্টি হয়। পরবর্তীতে বাজারে ও স্কুলের সামনে ফের বসালে একই ভাবে গর্ত সৃষ্টি হয়। বর্তমানে গর্তগুলোর আয়তন বড় হচ্ছে। এ ছাড়া সড়কটির কোন মেরামত না হওয়ায় গর্তের দখলে চলে গেছে বিভিন্ন অংশ।
দীর্ঘদিন ধরে সড়কটির কোনও মেরামত না হওয়ায় গর্তের সংখ্যা ও আকার ক্রমশ বাড়ছে। নিত্যযাত্রী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ দিকে, বুধবার আমজুরঘাট এলাকায় বেহাল সড়কের দরুন বাইক থেকে পড়ে এক মহিলা ও শিশু অল্পবিস্তর আহত হন। এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটায় ক্ষোভে ফুঁসছেন জনগণ।



