১ এপ্রিল : দেশবাসীর কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সরাসরি প্রভাব পড়ল ভারতের জ্বালানি বাজারে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ১৯৫.৫ টাকা থেকে ২১৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাল্লা দিয়ে দাম বেড়েছে ৫ কেজির মিনি সিলিন্ডারেরও, যার হার সিলিন্ডার প্রতি ৫১ টাকা বৃদ্ধি পেয়েছে।
নতুন রেট অনুযায়ী, রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,০৭৮.৫০ টাকা। মুম্বইতেও দাম বেড়েছে ১৯৫.৫ টাকা। তবে সবথেকে বেশি কোপ পড়েছে কলকাতায়। তিলোত্তমায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২১৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ২,২০৮ টাকা। চেন্নাইয়ে এর দাম দাঁড়িয়েছে ২,২৪৬ টাকা। উল্লেখ্য, গত মার্চ মাসেও বাণিজ্যিক সিলিন্ডার প্রতি ১১৪.৫ টাকা দাম বাড়ানো হয়েছিল। এক মাসের ব্যবধানে এই বিপুল বৃদ্ধি হোটেল, রেস্তোরাঁ এবং ক্ষুদ্র শিল্পক্ষেত্রের ওপর বড়সড়ো আর্থিক চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।



