রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মার্চ : আনন্দ-উল্লাস, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল রঙের উৎসব হোলি। বুধবার বরাক উপত্যকার অন্যান্য এলাকার পাশাপাশি কাছাড় জেলার সদর শহর শিলচর জুড়ে দিনভর ছিল আনন্দ-উল্লাসের পরিবেশ। সকালের সূর্য উঠতেই শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় শুরু হয়ে যায় হোলির আনন্দোৎসব। বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে কচিকাঁচা, যুবক-যুবতী—সবাই একে অপরকে আবির ও নানান রঙে রাঙিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। অনেক এলাকায় ডিজে সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গানেও মেতে ওঠেন তরুণ-তরুণীরা। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের ছবিও ধরা পড়ে সর্বত্র।
শহরের প্রধান প্রধান সড়ক, আবাসিক এলাকা এবং বাজার সংলগ্ন স্থানে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। কোথাও শিশুদের দল রঙ নিয়ে খেলায় মেতে উঠেছে, আবার কোথাও দেখা গেছে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে হোলি উদযাপন।
হোলি উপলক্ষে জেলা প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টহলদারি জোরদার করার পাশাপাশি সম্ভাব্য স্পর্শকাতর এলাকাগুলিতেও বিশেষ নজরদারি চালানো হয়, যাতে উৎসবের দিনে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
প্রশাসনের তৎপরতা ও সাধারণ মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবেই শিলচরে এ বছরের হোলি উৎসব সম্পন্ন হয়েছে।




