বিয়েবাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, রক্ষা

Spread the news

১২ মার্চ : জম্মুর একটি বিয়েবাড়িতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে চলল গুলি। বুধবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৮৮ বছর বয়সি প্রবীণ এই নেতা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বন্দুকবাজকে তৎক্ষণাৎ ধরে ফেলা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, জম্মুর একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ফারুক আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে যখন তিনি বের হচ্ছিলেন, তখনই ভিড়ের মধ্যে থেকে কমল সিং জামওয়াল নামক ৬৩ বছর বয়সি এক ব্যক্তি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বন্দুকবাজ পিছন থেকে আবদুল্লাহর দিকে বন্দুক তাক করছে। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তির হাত সরিয়ে দেওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। এরপরই জনতা ও দলীয় কর্মীরা অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, ধৃত কমল সিং জামওয়াল পেশায় ব্যবসায়ী এবং তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত। জেরায় ধৃত দাবি করেছে, গত ২০ বছর ধরে সে ফারুক আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করছিল। এটি তার ‘ব্যক্তিগত এজেন্ডা’ ছিল। তবে পুলিশি প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। আপাতত কোনও জঙ্গি যোগসূত্র পাওয়া যায়নি।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ফারুকের পুত্র ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘নিরাপত্তায় বিশাল ফাঁক ছিল। জেড প্লাস সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে একজন ব্যক্তি এত কাছে পৌঁছে গেল, তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে।’ উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও এই ঘটনাকে প্রশাসনের বড়সড়ো গাফিলতি বলে চিহ্নিত করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জম্মু পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *