মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, দুর্নীতির অভিযোগে কড়া হুঁশিয়ারি

Spread the news

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : “সম্পূর্ণ দেশ জানে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিন্ডিকেটের সঙ্গে মিলিত হয়ে রাজ্য পরিচালনা করছেন। তিনি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। আমি আপনাদের বলছি, দেখবেন—যেদিন এখানে আমাদের সরকার গঠন হবে, আজ যিনি বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁর মুখ থেকে একটি শব্দও বের হবে না, হাত জোড় করে বেরিয়ে আসতে হবে। আমি এই ধরনের মানুষদের চিনি। তাঁরা কোনো ক্ষমা পাবেন না। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি যে দুর্নীতি করেছেন তার ফল ভোগ করতেই হবে।”  এভাবেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বৃহস্পতিবার কার্বি আংলং জেলার বোকাজানে বিরোধী জোটের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কড়া অবস্থান নেন। বোকাজানে এক বিশাল জনসভায় ভাষণ দেন তিনি। বোকাজান কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রতন ইংতি, হাওরাঘাটের প্রার্থী সঞ্জীব তেরণ, আমরির বিক্রম হাঞ্চে এবং ডিফুর প্রার্থী জন ইংতি কাথারের সমর্থনে প্রচার চালান কংগ্রেস নেতা।

এ দিন সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ডিমাপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে কার্বি আংলং জেলার বোকাজানে আসেন তিনি। চারিহাজান (হাঞ্জাংলাংচো) ক্রীড়া প্রকল্প মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।

সভায় তিনি বলেন, “তিনি যা বলছেন, তা তাঁর ভয়ের বহিঃপ্রকাশ। কারণ তিনি জানেন, কংগ্রেস তাঁকে ছেড়ে দেবে না। তাঁর অহংকার দু’মিনিটে ভেঙে যাবে, যেদিন তাঁর সরকার থাকবে না। এদের কেউ ভয় পাওয়ার নয়, এরা ভীতু।”

একই সঙ্গে উপস্থিত জনতাকে একাধিক গ্যারান্টি দিয়ে রাহুল গান্ধী বলেন, “আমি আপনাদের দুই-তিনটি গ্যারান্টি দিতে চাই। প্রথমত, আপনাদের সবচেয়ে বড় সমস্যা—অনুচ্ছেদ ২৪৪-ক এখনও কার্যকর হয়নি। আমাদের সরকার গঠন হলেই তা কার্যকর করা হবে। আপনারা নিজেদের অধিকার, শক্তি এবং পরিচয়ের পূর্ণ সুরক্ষা পাবেন।”

তিনি আরও বলেন, “আমি যখন কোনও কাজ করার সিদ্ধান্ত নিই, থেমে থাকি না। কংগ্রেস ও আমাদের জোট ২৪৪-ক কার্যকর করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের আর গুয়াহাটি থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হবে না—আপনারাই নিজেদের পরিচালনা করবেন, স্থানীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।”

কংগ্রেস জোটের পাঁচ গ্যারান্টির প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম গ্যারান্টি মহিলাদের জন্য—‘আই লাভ ইউ ইউ টু’। প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিঃশর্ত মাসিক নগদ অর্থ প্রদান করা হবে। এছাড়া মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এসবই ২৪৪-ক কার্যকর হওয়ার পর বাস্তবায়িত হবে।”

উল্লেখযোগ্যভাবে, সংবিধানের অনুচ্ছেদ ২৪৪-ক-এর আওতায় কার্বি আংলংসহ তিনটি পার্বত্য জেলাকে পূর্ণ স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি দীর্ঘদিনের। ১৯৬৯ সালের ২২তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই অনুচ্ছেদ অন্তর্ভুক্ত হয়, যার মাধ্যমে বিশেষ জনজাতি অধ্যুষিত অঞ্চলে স্বায়ত্তশাসিত রাজ্য গঠনের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। এদিনের জনসভা থেকে সেই ২৪৪-ক কার্যকর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাহুল গান্ধী।

অন্যদিকে, জুবিন গর্গের ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, “জুবিন গর্গের জন্য ১০০ দিনের মধ্যে ন্যায় নিশ্চিত করা হবে। তিনি কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র অসমের মানুষের জন্য দাঁড়িয়েছেন। তিনি অসমের সংস্কৃতি, ঐতিহ্য এবং বৈচিত্র্যের প্রতীক। তাই তাঁকে ন্যায় দেওয়া আমাদের দায়িত্ব এবং আমরা তা নিশ্চিত করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *