শরিফনগরের ফকিরটিলা গাইভি মসজিদে শাক-ভাত শিরণী ও মহফিল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : জুমার দিন শরিফনগর গ্রামের ঐতিহ্যবাহী ফকিরটিলা গাইভি মসজিদ প্রাঙ্গণে ওলি হাজি মোবারক শাহ (রাঃ)-এর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত বার্ষিক শাক-ভাত শিরনি ও আজিমুশ্বান ওয়াজ মহফিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় গোটা এলাকা। এ দিন সকাল সাড়ে আটটায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর খতমে কোরান, খতমে খাজেগান, গজল পরিবেশন, ধর্মীয় বয়ান এবং মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য চাঁদা সংগ্রহসহ বিভিন্ন আয়োজন বেলা সাড়ে বারোটা পর্যন্ত চলতে থাকে।

দুপুর একটায় জুমার নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মওলানা কারি হাফিজুর রহমান। নামাজ শেষে মিলাদ শরিফে অংশ নেন মওলানা সোহেল আহমেদ নোমানি, কারি ইমাদ উদ্দিন আত্তারীসহ বিশিষ্ট আলেম-ওলামারা। পরে সেটেলমেন্টের সৈয়দ মফিদুল ইসলাম মাদানি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দুপুর দুইটা থেকে মসজিদের পার্শ্ববর্তী খোলা মাঠে হাজারো ধর্মপ্রাণ মানুষের মধ্যে শাক-ভাত শিরণী বিতরণ করা হয়। মসজিদ কমিটির স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে শিরণী বিতরণ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এক কাতারে বসে প্রসাদ গ্রহণ করেন, যা সাম্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

বিকেল চারটা থেকে শুরু হয় আজিমুশ্বান ওয়াজ মহফিল। এতে সভাপতিত্ব করেন উজানডিহির সৈয়দ মস্তক আহমদ মাদানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মওলানা বদরুল হক খান। এছাড়াও শিলচরসহ বিভিন্ন স্থান থেকে আগত বহু আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বয়ানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, কোরান-হাদিসের নির্দেশনা মেনে চলা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অন্যায় ও পাপাচার পরিহার করে নৈতিক জীবন গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ও লঙ্গাই পুলিশ ফাঁড়ির সদস্যদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাত ১১টা পর্যন্ত চলা এই আধ্যাত্মিক মিলনমেলা উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়। এলাকাবাসীর মতে, এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *