লরির চাকায় পিষ্ট স্কুটি চালক সলগৈয়ে

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের সলগৈয়ে এলাকায় দ্রুতগতির লরির চাকায় পিষ্ট হয়ে এক স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বাজারিছড়া থানাধীন সলগই বাজার এলাকার জাতীয় সড়কে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে, সোমবার বিকেলে পাথারকান্দি দিক থেকে লোয়াইরপোয়া অভিমুখে এএস–১০–এইচ–৬৯৬৬ নম্বরের একটি স্কুটি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা ত্রিপুরাগামী একটি ভারী লরি হঠাৎ করেই স্কুটিটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কার ফলে স্কুটিটি ছিটকে গিয়ে জাতীয় সড়কের পাশে একটি সেতুর ধারে পড়ে যায়।

এদিকে, স্কুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে লরিটির সামনের চাকায় আটকে পড়েন। এরপর লরিটি কিছুদূর পর্যন্ত তাকে সড়কের উপর পিষে নিয়ে যায়।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে স্কুটি চালকের মাথা থেঁতলে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে সড়কের উপর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের দৃশ্য অত্যন্ত মর্মান্তিক হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার ওসি জ্যোতি দেউরি দ্রুত পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত স্কুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক লরিটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক লরিটিকে আটক করতে পুলিশ চারদিকে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *