সরুচি রায়ের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জমে উঠছে রাজনৈতিক লড়াই

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই ক্রমেই তীব্র হয়ে উঠছে। শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক তরজা এখন চরমে। শনিবার মর্জাৎকান্দি তেমাথায় কংগ্রেস প্রার্থী সুরুচি রায়ের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী নিজে সহ জেলা ও ব্লক স্তরের একাধিক দলীয় নেতা-কর্মী।

এদিন দত্তপুর, রাকেশনগর ও ঘোড়ামারা এলাকায় একাধিক নির্বাচনী সভা করার পর সন্ধ্যায় মর্জাৎকান্দিতে পৌঁছে স্থানীয় জনগণের উপস্থিতিতে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখানে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তারা বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে অভিযোগ করেন, বিজেপি বিভেদের রাজনীতি করে মানুষের মধ্যে হিংসার পরিবেশ তৈরি করছে। অপরদিকে, কংগ্রেস সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন, শান্তি ও প্রগতির পথে এগোতে চায় বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল এবং এবারের নির্বাচনে বিজেপির কৌশল কোনও কাজেই আসবে না। তাদের মতে, শাসক দলের প্রতি মানুষের আস্থা কমে গেছে এবং দেশে পরিবর্তনের হাওয়া বইছে। আসামে কংগ্রেস সরকার গঠনের বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা থেকে উপস্থিত জনগণকে কংগ্রেস প্রার্থী সুরুচি রায়ের পক্ষে ভোট দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

এদিন সভায় বক্তব্য রাখেন প্রার্থী সুরুচি রায়, জেলা কংগ্রেসের সহ-সভাপতি সিতেনচন্দ্র রায়, বিশিষ্ট আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, ভৈরবনগর ব্লক কংগ্রেস সভাপতি বিজিৎ কুমার দাস, বুদ্ধ দাস, ব্লক যুব কংগ্রেস সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ঘোড়ামারা জিপির প্রাক্তন এপি সদস্য তাপস রঞ্জন দাস।

প্রতিটি সভাতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *