সোনাইয়ে সায়নী ঘোষের ঝড়, উপচে পড়া ভিড়

Spread the news

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : সোনাই বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ আরও বাড়ালেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক ও সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাই ময়ীনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে তৃণমূল প্রার্থী শাহাজাহান লস্করের সমর্থনে আয়োজিত জনসভায় বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তিনি। এনআরসি থেকে শুরু করে লাগামছাড়া মূল্যবৃদ্ধি—প্রতিটি বিষয়েই কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন সাংসদ।

সভায় সায়নী ঘোষ অভিযোগ করেন, প্রকৃত সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি সরাতেই বিজেপি বিভাজনের রাজনীতি করছে। তাঁর কথায়, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষকদের দুর্দশা আড়াল করতেই ধর্মীয় বিভাজনকে সামনে আনা হচ্ছে। এর ফলে সমাজে অবিশ্বাসের পরিবেশ তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান দামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। নির্বাচনের আগে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি বলেও অভিযোগ করেন তিনি। যুবসমাজের মধ্যে বাড়তে থাকা হতাশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন এবং বলেন, একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রকৃত লড়াই চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অসমের প্রেক্ষাপটে এনআরসি ইস্যু তুলে ধরে সায়নী ঘোষ বলেন, এই প্রক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষের কোনও বাস্তব উপকার হয়নি। সেই অর্থ জনকল্যাণে ব্যয় করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মত প্রকাশ করেন তিনি। নাগরিকত্ব প্রশ্নে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ।

এদিন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও এজিপি-কে একযোগে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, সোনাইয়ের বিরোধী প্রার্থীরা পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রভাবেই রাজনীতি করছেন। কংগ্রেসকে বিজেপির পরোক্ষ সহযোগী বলেও কটাক্ষ করেন তিনি।

রাজনৈতিক ভাষণের পর সায়নী ঘোষের শিল্পীসত্তারও প্রকাশ ঘটে মঞ্চে। উপস্থিত যুবকদের অনুরোধে তিনি গান পরিবেশন করলে সভায় উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *