বরাক তরঙ্গ, ২৫ মার্চ : মণিপুরের চুড়াচাঁদপুর জেলার গাংপি-মুয়াল এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় দুই ভাইবোনসহ তিনটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স ৩ থেকে ৫ বছরের মধ্যে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। সূত্রে জানা যায়, বিএসএফ শিবির নির্মাণের জন্য খোঁড়া একটি গভীর গর্তে জল জমে ছিল।
অসাবধানতাবশত ওই জলভর্তি গর্তে পড়ে গিয়েই শিশুদের করুণ মৃত্যু ঘটে। ঘটনার পর শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



