মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ মার্চ : প্রায় মাসদিন শ্যাশ্যসায়ী অবস্থা অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে সোমবার সকাল ৭টা নাগাদ নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন শ্রীভূমির সুপরিচিত সমাজমনস্ক ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের কর্মী রতীশ চন্দ্র পাল (৮৫)। তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই সংবাদিক মহল সহ শ্রীভূমি তথা আশপাশের সমগ্র অঞ্চলে নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবার পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক মহল তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন। বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি রেখে গেছেন এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ, জামাতা, দুই নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী মানুষ। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা।প্রয়াত রতীশ চন্দ্র পাল শ্রীভূমির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে Block Extension Educator পদে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন, গ্রামীণ স্বাস্থ্যশিক্ষা প্রসার এবং বিভিন্ন সামাজিক স্বাস্থ্য উদ্যোগে তাঁর অবদান ছিল বিশেষভাবে প্রশংসনীয়।
কর্মজীবনের প্রতিটি অধ্যায়ে তিনি দায়িত্ববোধ, মানবিকতা ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।২০১৪ সালে শ্রীগৌরী স্বাস্থ্যকেন্দ্র থেকে অবসর গ্রহণের মাধ্যমে তাঁর দীর্ঘ সরকারি কর্মজীবনের ইতি ঘটে। তবে অবসরের পরও তিনি সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এলাকার মানুষ তাঁর পরামর্শ, অভিজ্ঞতা ও সহমর্মিতা থেকে উপকৃত হয়েছেন বহুবার।পাড়াপ্রতিবেশী ও সহকর্মীদের মতে, রতীশচন্দ্র পাল ছিলেন অত্যন্ত সদালাপী, কর্মঠ ও সজ্জন ব্যক্তি। নতুন প্রজন্মের স্বাস্থ্যকর্মীদের কাছে তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ। দায়িত্ব পালনে তিনি ছিলেন আপসহীন, আবার ব্যক্তিগত জীবনে ছিলেন বিনয়ী ও সহৃদয়। সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক।তিনি শ্রীভূমির সুপরিচিত সাংবাদিক রাহুল পালের বাবা বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।এতে গত ফেব্রুয়ারি মাসে চিকিৎসার জন্য তাকে শিলচরের একটি বেসরকারি হাস্পাতালের ভর্তি করা হয় পরিবর্তিতে শিলচর থেকে শ্রীভূমি জেলা নিয়ে আশা হলে আর কিছু দিন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে নিজ বাড়িতে নিয়ে যাবা হয় এবং সেখানেই চিকিৎসা চলছিল। অবশেষে জীবনের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সোমবার সকাল সাত ঘটিকার সময় তিনি চিরবিদায় নেন।তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ও পরিচিত মহলে নেমে আসে শোকের ছায়া। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে কাতারে কাতারে মানুষ তাঁর বাসভবনে ভিড় জমান এবং অশ্রুসিক্ত শ্রদ্ধায় শেষ বিদায় জানান।
একই দিন পারিবারিক রীতি-নীতি মেনে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মানস দাস, ডাঃ পৌলম চন্দ্র, প্রাগ নিউজের সিএমডি সঞ্জীব নারায়ন, মুখ্য সম্পাদক খগেন শর্মা সহ সমগ্র প্রাগ নিউজ পরিবার, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, ‘নববার্তা প্রসঙ্গ’-এর সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, শীর্ষেন্দু শী, অভিজিৎ পাল সহ শ্রীভূমি জেলার সাংবাদিক মহল। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা জ্ঞাপন করে তাঁর আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে। রতীশচন্দ্র পালের জীবন ও কর্ম শ্রীভূমির মানুষের হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।



