বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : আহলে সুন্নাত ওয়াল জামাত-এর সোনাই আঞ্চলিক কমিটি পুনর্গঠন করা হল।শনিবার সাধারণ সভার মাধ্যমে সোনাই কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার সোনাই শহরের এক বিবাহ ভবনে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সভাপতি মওলানা মাশুক আহমেদ লস্করের সভাপতিত্বে এবং বিভিন্ন জিপির প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত হন হাফিজ আব্দুল হক। কার্যকরী সভাপতি পদে দায়িত্ব পান মওলানা জাবির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মওলানা শাহ আলম বড়ভূইয়া। মোট ৪০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মওলানা নাজির হোসেন মজুমদার, মওলানা শাহিদ আহমেদ লস্কর, মওলানা জুবাইর খান, মওলানা শরিফ উদ্দিন, মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া, আলহাজ রাজন মজুমদার, এম মকসুদ আহমেদ বড়ভূইয়া এবং আঞ্চলিকের প্রাক্তন সভাপতি নিম রাজা লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হয়। শেষে সালাতু সালাম পাঠ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



