ধারাবাহিক সংস্কারে দেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার : নিরঞ্জন

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে বুধবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে “কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. অভিজিৎ নাথ, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রনবিজয় দাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন ড. রনবিজয় দাস। বাণিজ্য ও ব্যবস্থাপনা বিভাগের ডিন ড. সঞ্জীব ভট্টাচার্য তাঁর বক্তব্যে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে নির্ধারিত তিনটি কর্তব্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাজেটে অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা, জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’ ভাবনাকে বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মূলধনী ব্যয় বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, এমএসএমই, কৃষি ও গ্রামীণ অর্থনীতির প্রতি বাজেটের গুরুত্ব তুলে ধরেন।

এরপর বরাক উপত্যকার বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার বলেন, গত দশ বছরে দেশের জিডিপি বৃদ্ধি, রাজস্ব ঘাটতি হ্রাস ও মূলধনী ব্যয়ে জোর দেওয়ার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা সুদৃঢ় হয়েছে। তিনি সেমিকন্ডাক্টর শিল্প, অরেঞ্জ ইকোনমি, তরুণ ও নারীদের অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, ১৯৯০ সালের পর ধারাবাহিক সংস্কারের মাধ্যমে দেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার হয়েছে। তরুণ জনশক্তি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও মূলধনী ব্যয়ের উপর জোর ভারতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অধ্যাপক নমু পাওয়ে। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যপিকা প্রদীপ্তা দেব। আলোচনা সভায় শিক্ষক ও ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *