রাজ্যো ৫ বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী সম্মান, কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : অসমের পাঁচজন বিশিষ্ট ব্যক্তি পদ্মশ্রী সম্মান (Padma Shri Award) লাভ করেছেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে। এ বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৩১ জন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই ব্যক্তিরা দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার লাভ করেন।

অসম থেকে পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচজন হলেন
হরিচরণ শইকিয়া (শিল্প), যোগেশ দেউরী (কৃষি), কবীন্দ্র পুরকায়স্থ (মরণোত্তর) (জনসংযোগ), নুরউদ্দিন আহমেদ (শিল্প) এবং পখিলা লেকথেপি (শিল্প)।

হরিচরণ শইকিয়া:
শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। সত্রীয়া সংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান অতুলনীয়।

নুরউদ্দিন আহমেদ:
প্রায় ৫০ বছর ধরে শিল্প ও ভাস্কর্যচর্চায় নিয়োজিত নুরউদ্দিন আহমেদ বরদোয়ার নবনির্মিত প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। শিল্প ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই সম্মান প্রদান করা হয়েছে।

পখিলা লেকথেপি:
কার্বি পাহাড়ের সুকণ্ঠী গায়িকা পখিলা লেকথেপিও পদ্মশ্রী সম্মান লাভ করেছেন। লোকশিল্পে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। ‘কার্বি পাহাড়ের নাইটিঙ্গেল’ নামে পরিচিত এই শিল্পী পদ্ম সম্মান লাভ করে নতুন স্বীকৃতি পেলেন।

যোগেশ রাজবংশী (দেউরী):
এরি ও রেশম বিশেষজ্ঞ যোগেশ রাজবংশী (দেউরী) বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের রেশম বিভাগের প্রাক্তন পরিচালক ছিলেন। উন্নতমানের পাট সূতা উৎপাদন এবং অসম সরকারের ‘সোনালী সূতা’ ও ‘সোনালী ধারা’ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। রেশম শিল্পে অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে।

কবীন্দ্র পুরকায়স্থ:
বিজেপির বিশিষ্ট নেতা কবীন্দ্র পুরকায়স্থ দলটির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিলেন। অসমে বিজেপির ভিত্তি মজবুত করতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে মরণোত্তরভাবে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *