মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও মাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করে পাথারকান্দি হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল। বিশেষ করে ঐচ্ছিক গণিত বিষয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে স্কুলের তিন মেধাবী শিক্ষার্থী সাহান হোসেন, সৌরভ সিনহা এবং জিসান আহমদ—রাজ্যসেরার তালিকায় নিজেদের নাম তুলে ধরে শুধু স্কুল নয়, সমগ্র পাথারকান্দি অঞ্চল ও জেলার গৌরব বৃদ্ধি করেছে। অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ পরিচালিত হাইস্কুল শিক্ষান্ত (মাধ্যমিক) পরীক্ষায় এই তিন শিক্ষার্থী ঐচ্ছিক গণিত বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে এক অনন্য নজির স্থাপন করেছে। তাদের এই অসামান্য সাফল্য প্রমাণ করে কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনার সমন্বয় ঘটলে যে কোনও লক্ষ্য অর্জন সম্ভব।ফলাফলের দিক থেকে কৃতি শিক্ষার্থী সাহান হোসেন মোট ৪৯৫ নম্বর পেয়ে শতকরা ৮২.৫০ শতাংশ অর্জন করে এবং দুটি বিষয়ে লেটার মার্কস লাভ করে। সৌরভ সিনহা ৪৯০ নম্বর পেয়ে শতকরা ৮১.৬৭ শতাংশ নম্বর অর্জন করে, তার ঝুলিতে রয়েছে তিনটি বিষয়ে লেটার মার্কস।
অন্যদিকে, জিসান আহমদ সর্বোচ্চ ৫৩৯ নম্বর পেয়ে শতকরা ৮৯.৮৩ শতাংশ নম্বর অর্জন করে এবং মোট পাঁচটি বিষয়ে লেটার মার্কস লাভ করে বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়। শুধু এই তিনজন নয়, সামগ্রিকভাবে স্কুলের ফলাফলও ছিল অত্যন্ত প্রশংসনীয়।
এবারের মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মোট ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রত্যেকেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে, ফলে পাশের হার দাঁড়িয়েছে শতভাগ। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থী স্টার মার্কস অর্জন করেছে, ৫ জন ডিস্টিংসন পেয়েছে এবং মোট ১৩৭টি লেটার মার্কস এসেছে বিভিন্ন বিষয়ে।



