টাকা নেই, কোনও বন্ধুও পাশে নেই, ‘ তিহার জেলে কেঁদে ফেললেন রাজপাল

১০ ফেব্রুয়ারি : চেক-বাউন্স মামলায় অভিযুক্ত বলিউড অভিনেতা রাজপাল যাদব। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করতে হয় বলি অভিনেতাকে। তবে আত্মসমর্পণের আগে রাজপাল যাদব বলিউডে বন্ধুত্ব, সহযোগিতা, মানবিকতা নিয়ে মুখ খোলেন। যার ফলে আবারও প্রশ্নের মুখে বলিউড। তাঁর কথায় আবেগপ্রবণ হয়ে পড়েন ভক্তরা।

দিল্লি হাইকোর্ট রাজপালের জামিনের আবেদন খারিজ করার পর বৃহস্পতিবার তিহারে আত্মসমর্পণ করেন। ৪ ফেব্রুয়ারি আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। অতিরিক্ত সময় চেয়েছিলেন, কিন্তু তাঁকে জামিন দেওয়া হয়নি।

তিহার জেলের কর্তৃপক্ষরা তাঁর আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে। জেল কর্তৃপক্ষ জানায়, হাইকোর্টের আদেশ জারির পরপরই বিকেল ৪টের দিকে অভিনেতা জেল সুপারিনটেনডেন্টের কাছে হাজির হন। আদালতের স্পষ্ট নির্দেশ, “এই পরিস্থিতিতে, আদালত আবেদনকারীর (রাজপাল যাদব) তিহার জেল সুপারিনটেনডেন্টের কাছে আত্মসমর্পণের নির্দেশ প্রত্যাহারের জন্য আবেদনকারীর আইনজীবীর আবেদনের কোনও যুক্তি খুঁজে পাচ্ছে না। তাঁকে আজই তিহার জেল সুপারিনটেনডেন্টের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হচ্ছে।”

তিহার জেলের আধিকারিকদের কাছে আত্মসমর্পণের আগে অভিনেতা একটি আবেগঘন পোস্ট করেন। হাঙ্গামা টিভিতে একটি সাক্ষাৎকারে তিনি জানান, নিজের আর্থিক পরিস্থিতির কথা বলে বলেন, “স্যার, আমার কী করা উচিত? আমার কাছে টাকা নেই। আমি আর কোনও সমাধান দেখতে পাচ্ছি না…স্যার, আমরা সবাই এখানে একা। আমার পাশে কোনও বন্ধু নেই। আমাকে একাই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

ঘটনাটি ২০১০ সালের। রাজপাল যাদব তাঁর পরিচালিত “আতা পাতা লাপাতা”-র জন্য মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়, যার ফলে অভিনেতা চরম অর্থ সংকটে পড়েন। তাছাড়া, ব্যাঙ্কেও এত টাকা না থাকায় একটি চেক বাউন্স হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *