পাথারকান্দি কলেজে ভোটার সচেতনতা কর্মসূচির অধীনে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা

Spread the news

জনসংযোগ শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : শ্রীভূমি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে যুবা ভোটারদের মধ্যে ভোটদান প্রক্রিয়ায় অংশ গ্রহণের জন্য সচেতনতা গড়ে তুলতে ভোটার সচেতনতা সেল বা সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটরাল পার্টিশিপেশন সেল (এসভিপ) থেকে জেলার বিভিন্ন স্থানে ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তুলা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে সোমবার পাথারকান্দি কলেজের উদ্যোগে এবং এসভিপ সেলের পরিচালনায় কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে “ভোটাধিকারের গুরুত্ব এবং গণতন্ত্রে যুব সমাজের ভূমিকা” শীর্ষক থিমের ওপর ভিত্তি করে এক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে কুইজ প্রতিযোগিতায় সাগর পাল (ষষ্ঠ সেমিস্টার) – প্রথম স্থান, ইকবাল তানভীর (উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষ) – দ্বিতীয় স্থান ও জিয়ারুল হক (দ্বিতীয় সেমিস্টার) – তৃতীয় স্থানাধিকার করে।

এদিকে, বিতর্ক প্রতিযোগিতার বিষয়- “ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ তরুণ ভোটারদের ওপর নির্ভরশীল”। এতে পক্ষের যুক্তি রাখে সাবেরা বেগম (চতুর্থ সেমিস্টার) ও জিয়ারুল হক (দ্বিতীয় সেমিস্টার)। বিপক্ষের যুক্তি উপস্থাপন করে নাফিসা তাবাসসুম (দ্বিতীয় সেমিস্টার) ও মাজমুল হোসেন (দ্বিতীয় সেমিস্টার)। এতে পাথারকান্দি কলেজের অধ্যক্ষ এই আয়োজনের প্রশংসা করে বলেন, এসভিপ কর্মসূচির অধীনে এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে। তিনি জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এছাড়া এদিন শ্রীভূমির করিমগঞ্জ কলেজ ও রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়েও অনুরুপ সচেনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *