বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC)-র নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী দুই দিনের সফরসূচি নিয়ে অসমে আসছেন। তিনি ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় গুয়াহাটি পৌঁছাবেন। অসমের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেত্রী হিসেবে সফরকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নির্বাচনী বৈঠকে অংশ নেবেন।
সূত্রে জানা গেছে, আগমনের পর সকাল ১১.৩০টায় রাজীব ভবনে নির্বাচনী সমিতির বৈঠকে যোগ দেবেন তিনি। দুপুর ১২টায় রাজনৈতিক পরিক্রমা কমিটির বৈঠকে অংশ নেবেন। এরপর ১২.৪৫টায় অসমের নির্বাচনী কমিটির পাঁচজন অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসবেন। দুপুর ২টায় কংগ্রেসের সকল বিধায়কের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রিয়ংকা গান্ধী। বিকেল ৫টায় ৩৫ জন জেলা সভাপতির সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া রাত ১০টায় বিরোধী দলপতির সঙ্গেও তিনি বৈঠক করবেন।
১৯ ফেব্রুয়ারি সফরের দ্বিতীয় দিনে সকাল ১০টায় অসম প্রদেশ কংগ্রেস কমিটি (APCC)-র সভাপতি ও কার্যকরী সভাপতিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সকাল ১১টায় সাংসদদের সঙ্গে এবং দুপুর ১২টায় বিভিন্ন কোষের সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন।
দুপুর ১টায় রাজীব ভবন থেকে মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে যাবেন তিনি। এরপর দুপুর ২.৩০টায় ব্লক কংগ্রেস কমিটির সভাপতি এবং APCC-র পদাধিকারীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
সফর শেষে বিকেল ৫.৩০টায় তিনি পুনরায় দিল্লি ফিরে যাবেন।



