বরাক তরঙ্গ, ১৩ মার্চ : প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোকরাঝার সফর বাতিল করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই কোকরাঝারে অবিরাম ভারী বৃষ্টিপাত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি গুয়াহাটিতে উড়ে যাবেন। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) সহ সমগ্র অসমের জন্য একাধিক নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি।
উল্লেখ্য, দুই দিনের সফরে আজ অসমে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। কলকাতা থেকে হেলিকপ্টারে সরাসরি কোকরাঝারে পৌঁছে সেখানে একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি একটি বিশাল জনসভায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কামাখ্যা–চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নারেঙ্গী–আগরতলা এক্সপ্রেস রেল পরিষেবার উদ্বোধন করার কথা ছিল। এছাড়া ২৫৬ কোটি টাকা ব্যয়ে বাঁহবাড়ী রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথাও ছিল।
এছাড়াও অসম মালা ৩.০ প্রকল্পের অধীনে রাজ্যের ৩৪টি জেলায় ৩৬টি সেতুসহ সড়ক নির্মাণের জন্য ৩২১৭ কোটি টাকার প্রকল্পের ভূমিপূজন করার পরিকল্পনা ছিল। একই সঙ্গে বিটিআর এলাকায় ১১০১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য চারটি ফ্লাইওভার ও দুটি সেতুরও ভূমিপূজন করার কথা ছিল প্রধানমন্ত্রীর।
এদিকে, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে গুয়াহাটির জ্যোতি–বিষ্ণু কলা মন্দিরে আরেকটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে চা শ্রমিকদের ভূমি পট্টা প্রদান করা হবে। পাশাপাশি পিএম কিষাণ প্রকল্প, বিভিন্ন রেলওয়ে প্রকল্প, কপিলী জলবিদ্যুৎ প্রকল্প, কামাখ্যা রোপওয়ে প্রকল্পসহ একাধিক অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই পর্যায়ে মোট প্রকল্প ব্যয় প্রায় ১৯,১৫৬ কোটি টাকা।
আজ রাতটি কইনাধরায় কাটাবেন প্রধানমন্ত্রী। ১৪ মার্চ সকাল ১০টায় গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। শিলচরে সকাল ১১টায় এক বিশাল জনসভায় অংশ নেওয়ার পর শনিবার দুপুর প্রায় ১টার দিকে শিলচর থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




