তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

১৩ ফেব্রুয়ারি : বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-র নিরঙ্কুশ জয়ের পথে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) দেওয়া এক বার্তায় মোদি এই বিজয়কে ‘সুনিশ্চিত’ এবং তারেক রহমানের নেতৃত্বের ওপর ‘জনগণের আস্থার প্রতিফলন’ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বার্তায় বলেন: “বাংলাদেশে সংসদ নির্বাচনে বিএনপি-কে একটি সুনিশ্চিত বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের গভীর আস্থার প্রমাণ।”

তিনি আরও আশ্বস্ত করেন যে, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় থাকবে। মোদি উল্লেখ করেন যে, তিনি দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে তারেক রহমানের সাথে কাজ করতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *