২১ মার্চ : জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহে ইমামতি করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জাতীয় ঈদগাহে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছিল। নারীদের জন্য রাখা হয়েছিল পৃথক পর্দার ব্যবস্থা।

এ দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কূটনীতিক-শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।




