জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যু, গুজব, ক্ষুব্ধ ছেলে

Spread the news

১৬ ফেব্রুয়ারি : বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব উঠেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ও টিকটকজুড়ে তিনি মারা গেছেন বলে একাধিক পোস্ট দেখা গেছে। ছড়িয়ে পড়া এসব তথ্য গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, এই অভিনেতা বেঁচে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো না। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
অবশ্য গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন হারুন কিসিঞ্জার। বিষয়টি নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা চিকন আলী।

তিনি বলেন, ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের থেকে অনেক সুস্থ। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে সবসময় কথা হচ্ছে।
হারুন কিসিঞ্জার অনেকদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন।

দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও তার বলা হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে উজ্জ্বল।

অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আশা করা যায়, দুই-একদিন মধ্যে তিনি বাসায় চলে যেতে পারবেন।
ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

এদিকে, মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকার। রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি একে ‘নোংরা গুজব’ বলে অভিহিত করেন। রুবেল লিখেছেন, কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *