ডিব্রুগড়ের খোয়াঙে রাজনৈতিক হিংসা, একাধিক আহত; জাতীয় সড়ক অবরোধ বিজেপির

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : ডিব্রুগড় জেলার খোয়াঙ এলাকায় ভোটের আবহে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে। বিজেপি প্রার্থী চক্ৰধর গগৈর উপস্থিতির কাছাকাছি এলাকাতেই উত্তেজনা ছড়ায় এবং অভিযোগ উঠেছে, অজাপ (AJP)-এর সমর্থকরা লুৰীণজ্যোতি গগৈর গাড়ির ওপর হামলা চালায়।

সূত্রের খবর, একটি বোলেরো গাড়িতে হামলা চালানো হয়। এতে বিজেপি কর্মী থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, প্রথমে বিজেপি ও অজাপ কর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে পেছন থেকে আসা অজাপের আরেকটি গাড়ির ওপরও হামলার ঘটনা ঘটে। ফলে দুই দলের সমর্থকদের মধ্যে খোলা সংঘর্ষ শুরু হয়।

অন্যদিকে, বিজেপির অভিযোগ, বিধায়ক চক্ৰধর গগৈর বাসভবনের পাশের একটি বাড়িতে থাকা বিজেপি কর্মীদের ওপর অজাপের একদল কর্মী হামলা চালায়। এই সংঘর্ষে বিজেপির ঝাড়খণ্ডের বিস্তারক প্রহ্লাদ পাণ্ডেসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
এছাড়াও অভিযোগ, অজাপ কর্মীরা AS 06 R 4774 নম্বরের একটি বোলেরো গাড়ি ভাঙচুর করে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে দেয়।

ঘটনার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিজেপি সমর্থকরা কুটুহাতে চার লেন বিশিষ্ট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *