বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : অসম পুলিশের এক জওয়ানের বাইক ও একটি অটো মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নিহত যাত্রীর নাম হরিপদ সিনহা বয়স আনুমানিক ৬০ বছর। ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির বেসিক চৌরঙ্গী এলাকায়। নিহত হরিপদ সিনহার বাড়ি কাছাড় জেলার মাছুঘাটে। জানা গেছে, হাইলাকান্দি থেকে অটো করে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে অটো চালক ও বাইক চালক অসম পুলিশের জওয়ান পালিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইলাকান্দি পুলিশ। পরবর্তীতে জ্যেষ্ঠ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অবস্থায় বাইক চালককে আটক করে হাইলাকান্দি পুলিশ। আটক জওয়ানের নাম মৃণাল আহমদ। পাশাপাশি লুকিয়ে রাখা বাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত অটো উদ্ধার করতে পারেনি হাইলাকান্দি পুলিশ।



