বরাক তরঙ্গ, ২১ মার্চ : উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব কবিতা দিবস পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের লঙ্গাই-মাইজগ্রাম-কর্ণমধু আঞ্চলিক সমিতি। শনিবার বিকাল পাঁচটায় সমিতির সহ-সভাপতি শুভ্রজিৎ পাল চৌধুরী-র পৌরোহিত্যে অনুষ্ঠানের শুভারম্ভ হওয়ার পর স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সম্পাদিকা ছন্দা দাম। জেলার প্রবীণ তিন কবি যথাক্রমে সুব্রত চৌধুরী, সৌমিত্র পাল ও শিবানী গুপ্ত-কে সমিতির পক্ষ থেকে উত্তরীয়, স্মারক ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
রাজ্য সরকার কর্তৃক সম্মানিত তিনজন যুব কবি যথাক্রমে প্রতীমরাজ ভট্টাচার্য, ড. অর্পিতা দাস ও রঞ্জিতা চক্রবর্তীকে আঞ্চলিক সমিতির পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। সম্মানিত সকল কবি স্বরচিত কবিতা পাঠ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কবিতার প্রাসঙ্গিকতা ও কবিতা দিবসের তাৎপর্য বর্ণনা করেন সংগঠনের জেলা সভাপতি সুবীর বরণ রায়, সম্পাদক নন্দ কিশোর বণিক, শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল, সুব্রত চৌধুরী, ড. অর্পিতা দাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল রায়, সোনালি গোস্বামী, অনিল নমশুদ্র প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি শুভ্রজিৎ পাল চৌধুরী ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



