ভোটের পর চলবে বুলডোজার, কৃষ্ণেন্দুর বক্তব্যে উত্তপ্ত পাথারকান্দির রাজনীতি

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন নির্বাচনকে ঘিরে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চরমে উঠছে। প্রতিদিনই বাড়ছে প্রচারের তীব্রতা, আর তার মধ্যেই এক জনসভা থেকে কড়া বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বাবু। মঙ্গলবার একটি বৃহৎ জনসমাগমের সামনে দাঁড়িয়ে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সরকারি জমি ও বনাঞ্চল দখল করে কেউ আর রেহাই পাবে না। দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ দখলদারির বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিতে চলেছে প্রশাসন। তাঁর বক্তব্যে উঠে আসে এক দৃঢ় সতর্কবার্ত  যারা এখনো স্বেচ্ছায় জমি খালি করবে না, তাদের ক্ষেত্রে আইনের পথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বুলডোজার চলবে। ৯ এপ্রিল ভোট আর ৪ মে গণনা শেষে ৫ মে  চলবে অবৈধ দখলদারে বিরুদ্ধে বোলডোজার। মন্ত্রী আরও বলেন, উন্নয়নের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বনভূমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। বনাঞ্চল ধ্বংস করে কোনো উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব এই বার্তা দিয়ে তিনি পরিষ্কার করে দেন যে, বনভূমি দখলদারদের বিরুদ্ধে কোনও ধরনের আপস করা হবে না।

তিনি অভিযোগ করেন, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করছে, যা আইনত অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। তাঁর কথায়, আইনের ঊর্ধ্বে কেউ নয় যে-ই হোক, নিয়ম ভাঙলে ব্যবস্থা নিতেই হবে। মন্ত্রী তাঁর ভাষণে উন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সার্বিক অবকাঠামো উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি। তবে এদিনের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জমি দখল ও বনাঞ্চল রক্ষার প্রসঙ্গ।এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধীরা একে নির্বাচনের আগে চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে ব্যাখ্যা করছে, অন্যদিকে শাসকদলের সমর্থকদের মতে এটি আইন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ। সব মিলিয়ে, নির্বাচনের মুখে পাথারকান্দির রাজনীতি এখন নতুন মোড় নিয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি, আইনশৃঙ্খলার কড়াকড়ি এবং বনাঞ্চল রক্ষার বার্তা এই তিনের সমন্বয়ে জমে উঠেছে নির্বাচনী লড়াই। মন্ত্রীর বুলডোজার হুঁশিয়ারি যে আগামী দিনে আরও বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *