প্রবীণদের আশীর্বাদে উন্নয়নের পথে পাথারকান্দি : কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : নির্বাচনের আগে জনসংযোগে নতুন বার্তা দিলেন পাথারকান্দি বিধানসভার বিজেপি প্রার্থী ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রবীণ নাগরিকদের সম্মান জানিয়ে লোয়ারইপোয়া মণ্ডলে আয়োজিত এক বিশেষ সভায় তিনি উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, সমাজের অগ্রগতির মূল ভিত্তি হল প্রবীণদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা। তাঁদের আশীর্বাদ ও দিকনির্দেশনাই পাথারকান্দিকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে সহায়ক হবে। তাঁর ডাকে সাড়া দিয়ে বিপুল সংখ্যক প্রবীণের উপস্থিতি সভাটিকে বিশেষ তাৎপর্য এনে দেয়।

এদিন তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পাথারকান্দি বিধানসভা এলাকায় রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিস্তারিত চিত্র তুলে ধরেন। প্রবীণদের হাতে উন্নয়নমূলক কাজের একটি প্রতিবেদন পুস্তিকাও তুলে দেন তিনি।

সভায় উপস্থিত প্রবীণ নাগরিকরা তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন, যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় সহায়ক হবে বলে জানান মন্ত্রী। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ইতিবাচক ও আন্তরিক পরিবেশ।
পরবর্তীতে পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়েও প্রবীণদের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গত পাঁচ বছরের জনকল্যাণমূলক কাজের পর্যালোচনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

শেষে প্রবীণদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় এবং তাঁদের আশীর্বাদ গ্রহণ করেন কৃষ্ণেন্দু পাল। তিনি জানান, প্রবীণদের আশীর্বাদ ও সহযোগিতা নিয়েই পাথারকান্দির উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *