২ মার্চ : রবিবার গভীর রাতে পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালাল আফগান বায়ুসেনা। তালিবান প্রশাসনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিমি দূরে অবস্থিত এই নূর খান বিমানঘাঁটি পাক বায়ুসেনার অন্যতম প্রধান সামরিক কেন্দ্র। ইতিপূর্বেই ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ ব্রহ্মস মিসাইলের আঘাতে এই ঘাঁটিটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সদ্য সেই মেরামতির কাজ শেষ করে ঘাঁটিটি সচল করেছিল পাক সেনা। কিন্তু রবিবার মাঝরাতে তালিবানি ড্রোন হামলায় ফের বিধ্বস্ত হলো এই বিমানঘাঁটি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, পাক সেনার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে এই সফল অপারেশন চালানো হয়েছে।
গত শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান। তারপর থেকেই সীমান্ত পেরিয়ে আকাশপথে হামলা চালাচ্ছিল পাক বায়ুসেনা। তালিবানদের দাবি, সেই আগ্রাসনের পাল্টা দিতেই এই অভিযান। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তালিবান প্রশাসন স্পষ্ট জানিয়েছে যে, পাকিস্তান যদি অবিলম্বে আক্রমণ বন্ধ না করে, তবে আগামী দিনে আরও বড়সড় আঘাতের মুখে পড়তে হবে তাদের।




