জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : শ্রীভূমির চারটি বিধানসভা আসনে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সব গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিলেন শ্রীভূমিতে আসা নির্বাচন কমিশনের অবজারভাররা। দুইজন জেনারেল অবজারভার কিরণ কুমারী পাশী ও ভি আর বিনোদ, এক্সপেনডিচার অবজার্ভার রাহুল পাঞ্জাবরাও গাওয়ানডে এবং পুলিশ পর্যবেক্ষক চরণ সিং মিনা বৃহস্পতিবার শ্রীভূমি জেলা কমিশনারের সভাকক্ষে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেন। অবজারভাররা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সর্বাবস্থায় সম্প্রীতি সৌভ্রাতৃত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ঘৃণা বিদ্বেষ ছড়ানো জাতীয় ভাষণ, ধর্মীয় স্থান ইত্যাদি প্রচারের জন্য নিষিদ্ধ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মডেল কোড অব কন্ডাক্ট লংঘন সংক্রান্ত ঘটনা প্রতিরোধ করতে সব ধরনের মেকানিজম জেলায় গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন অবজারভারগণ।প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত বিজ্ঞাপন গুলির পাশাপাশি সোসিয়াল মিডিয়ায়ও রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আগে জেলা পর্যায়ের এমসিএমসি কমিটি থেকে প্রিসার্টিফিকেট নিতে সভায় নির্দেশ দেওয়া হয়। সভায় জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী সহ চারটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারগণ অংশ নেন।



