বরাক তরঙ্গ, ২২ মার্চ : প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদের রাতে উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে কাছাড় সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে এক ধর্মীয় আবহে অনুষ্ঠিত হল নূরী মহফিল। ইসলামিক ভাবধারায় সমৃদ্ধ এই আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের আম্বেদকর নগর থেকে আগত ভারতখ্যাত না’তখা সান্দাল জালালপুরী। তাঁর সুমধুর কণ্ঠে নাতে রাসুল পরিবেশন উপস্থিত দর্শকদের গভীরভাবে আবেগাপ্লুত করে তোলে।
এছাড়াও কাছাড় সুন্নি ফাউন্ডেশনের বিশিষ্ট না’তখারা হামদ ও নাতে রাসুল পরিবেশন করে মহফিলকে আরও প্রাণবন্ত করে তোলেন। এবারের মহফিলকে আরও ব্যতিক্রমী করে তুলতে শিশু-কিশোরদের জন্য বরাক উপত্যকা জুড়ে একটি বিশেষ শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের মধ্যে ছিল নাত শরীফ, কিরাত ও ইসলামিক গ্রুপ কুইজ। পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। মহফিলে উপস্থিত ছিলেন মওলানা মবরুর হুসেন বড়ভূইয়া ভাগাডহরী, সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, মওলানা সাব্বির হোসেন চৌধুরী আজহারি সহ বিশিষ্ট উলামায়ে কেরাম, সুফিয়ানে এজাম, বুদ্ধিজীবী, সমাজসেবী ও শিক্ষাবিদরা।

অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনার পাশাপাশি নতুন ও পুরাতন সদস্যদের মধ্যে সদস্যপদ কার্ড বিতরণ করেন সিএসএফ-এর সভাপতি মবরুর হোসেন বড়ভূইয়া। মহফিলের কনভেনার সাবির হোসেন এদিন ঘোষণা করেন যে, কাছাড় সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে শীঘ্রই বিনামূল্যে মক্তব শিক্ষার ব্যবস্থা চালু করা হবে।
সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রধান না’তখা সান্দাল জালালপুরীর পরিবেশনা সকলকে মুগ্ধ করে তোলে এবং এক আধ্যাত্মিক আবহের সৃষ্টি করে পরে মিলাদ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



