অনিন্দিতা পাল, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : অসম বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে হাইলাকান্দিতে জমজমাট রাজনৈতিক চিত্র দেখা গেল। সোমবার সবার আগে হাইলাকান্দি জেলা কমিশনার কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন ১২১ নম্বর হাইলাকান্দি আসনের বিজেপি প্রার্থী ড. মিলন দাস। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। এদিন জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীও উপস্থিত থেকে প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেন। পরে সকলেই একসঙ্গে জেলা শাসকের কার্যালয়ে প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে, একই দিনে কংগ্রেসও শক্তি প্রদর্শন করে। উৎসবমুখর পরিবেশে ভারতীয় জাতীয় কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১২১ নম্বর হাইলাকান্দি আসন থেকে রাহুল রায় এবং ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া আসন থেকে জুবাইর এনাম মজুমদার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল রায় এলাকার উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার করেন।
অন্যদিকে, বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে জুবাইর এনাম মজুমদারও নিজের মনোনয়নপত্র দাখিল করেন।



