বরপেটা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : অবশেষে বরপেটা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে। বরপেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে জানানো হয়, ফর্ম–এ সংক্রান্ত অসঙ্গতির কারণেই তাঁর মনোনয়ন খারিজ করা হয়েছে।

জানা গেছে, মনোনয়ন জমা দেওয়ার সময় দলীয় টিকিটের মূল কপি দাখিল করেননি মহানন্দ সরকার। অভিযোগ অনুযায়ী, ফর্ম–এ তথা দলীয় টিকিটের আসল নথির পরিবর্তে স্ক্যান করা স্বাক্ষরযুক্ত একটি জেরক্স কপি জমা দেওয়া হয়েছিল।

এই বিষয়ে আপত্তি তোলে অসম গণ পরিষদ (অগপ)। প্রতিদ্বন্দ্বী অগপ প্রার্থীপক্ষের অভিযোগ ছিল, নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিলের সময় দলীয় টিকিটের মূল কপি জমা দেওয়া বাধ্যতামূলক হলেও কংগ্রেস প্রার্থী তা মানেননি। তাদের দাবি, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে অন্যান্য প্রার্থীরা যথাযথ নথি জমা দিলেও কংগ্রেস প্রার্থীর ক্ষেত্রে শুধুমাত্র স্ক্যান কপিই জমা পড়ে।

অগপর পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি নজরে আসার পরই সন্ধ্যা প্রায় ৭টার সময় রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *