২৫ দিনের আগে রান্নার গ্যাস বুকিং নয়, হঠাত্‍ LPG নিয়ে সিদ্ধান্তে বদল কেন্দ্রের

Spread the news

১০ মার্চ : মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বজুড়ে LPG, পেট্রোল-ডিজেল নিয়ে সংকট দেখা যাচ্ছে। ভারতে পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানিতে এখনও কোনও প্রভাব পড়েনি। তবে LPG বুকিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম কার্যকর করেছে কেন্দ্র। ফলে LPG গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছিল, তবে কি এবার গ্যাসের দাম বাড়তে পারে? এরইমধ্যে সোমবার রাতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।

আগেই সরকারের তরফে গ্য়াস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ২১ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। পাশাপাশি চলতি মাসের শুরুতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৬০ টাকা। তবে সোমবার রাতে আরও বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি LPG সিলিন্ডার বুকিংয়ের ২৫ দিনের আগে পরবর্তী গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে না।

সরকারি সূত্রের দাবি, আগে যাঁরা দেড় মাস-দু’মাস অন্তর এলপিজি সিলিন্ডার বুক করতেন , তাঁরা এখন ১৫ দিনে বুকিং শুরু করেছিলেন। সে কারণেই আগে সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মজুদ ও কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী কালীন সময় বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রের তরফে LPG উৎপাদন বৃদ্ধিতেও জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত উৎপাদন যাতে গার্হস্থ্য খাতে দেওয়া হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক অশান্তি ও LPG সরবরাহে সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে LPG সংকট রয়েছে এমন কথা মানতে নারাজ কেন্দ্র। কোনও ভাবেই যাতে LPG সংকটে পড়তে না হয়, সেদিকে তাকিয়ে ইতিমধ্যেই আলজ়িরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ের মতো দেশগুলির সঙ্গে এলপিজি আমদানির জন্য সরকার কথা বলছে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে। যদিও কেন্দ্র এখনও এই বিষয়ে মুখ খোলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *