প্রস্তুতি চূড়ান্ত, প্রথমবার ৫২০ পরীক্ষার্থী বসছে এই কেন্দ্রে
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : প্রতি বছরের ন্যায় চলতি বছরেও রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসরণ করে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড (ASSEB)-এর তত্ত্বাবধানে মাধ্যমিক তথা মেট্রিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। রাজ্যের সমস্ত জেলায় একই রুটিন ও অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে একযোগে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে।এদিকে পাথারকান্দি শিক্ষা খণ্ডের অন্তর্গত অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তঘেষা ইছাবিল ক্লাস্টারের পিএম শ্রী ইছাবিল এইচএস স্কুলে এবছর একটি নতুন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে বিশেষ উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কেন্দ্রটি প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষার জন্য অনুমোদন পেয়েছে।নতুন এই পরীক্ষা কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষা বর্ষে মোট ৫২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে চলেছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ছয়টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষায় বসবে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলি হলো ক্রেমে ইছাবিল এইচ এস স্কুল বাপিপলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় হোসাইনিয়া মাধ্যমিক বিদ্যালয় কটামণি সাইনোসার অ্যাকাডেমি কটামণি হাইস্কুল, লঙ্গাই রিজার্ভ হাইস্কুল। পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক দফায় প্রস্তুতিমূলক সভা ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর বারোটায় পিএম শ্রী ইছাবিল এইচএস স্কুল প্রাঙ্গণে এক বিশেষ সভার আয়োজন করা হয়।
এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি তথা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিচালনা সমিতির সভাপতি রমেশ কানু। সভার আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপক এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাধাচরণ রবিদাস। সভায় সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষয়িত্রীবৃন্দ, পরীক্ষক-পরীক্ষিকাগণ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র ব্যবস্থাপক রাধাচরণ রবিদাস তাঁর বক্তব্যে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি তিনি সকল পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে অবাধ, স্বচ্ছ ওনিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নতুন পরীক্ষা কেন্দ্রে মোট ৩৫ জন পরীক্ষকের তত্ত্বাবধানে ১৪টি পরীক্ষাকক্ষে পরীক্ষা গ্রহণ করা হবে। নিরাপত্তা, শৃঙ্খলা ও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে প্রশাসনিক স্তর থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে, পিএম শ্রী ইছাবিল এইচএস স্কুলে নতুন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র স্থাপিত হওয়াকে এলাকাবাসী শিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। পরীক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, যা এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে অভিমত সচেতন মহলের।



